ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ, আনা হচ্ছে ঢাকায়

تبصرے · 286 مناظر

দেশের  আলো প্রতিবেদক

দেশের  আলো প্রতিবেদক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুর গফুর সরকার।

দলীয় সূত্রে জানা গেছে, নিজ জেলা লালমনিরহাটে দুই দিনের সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন।

পরিস্থিতি বেগতিক দেখে তাৎক্ষণিকভাবে তাঁকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত ফ্লাইটে তাঁকে ঢাকায় পাঠানোর চেষ্টা করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা ঝুঁকি নিতে মানা করেন।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেটি পৌঁছামাত্রই তাঁকে রাজধানীর কোনো বিশেষায়িত হাসপাতালে নেওয়া হবে।

মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় লালমনিরহাট ও নীলফামারী জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দোয়া চেয়েছেন। বর্তমানে সিএমএইচে তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

تبصرے